শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি
দীর্ঘদিন অবহেলিত থাকা বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এই ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য রাস্তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে জনগুরুত্বপূর্ণ অনেকগুলো রাস্তার কাজের অনুমোদন সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলসকাঠী ইউনিয়নের এই উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা পালন করছেন বাকেরগঞ্জের কৃতি সন্তান এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) ঢাকা কেন্দ্রের সম্মানি সম্পাদক ইঞ্জিনিয়ার কে. এম. আসাদুজ্জামান চুন্নু। তিনি এই প্রকল্পগুলোর অনুমোদন থেকে শুরু করে বর্তমান পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক তদারকি ও সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন।
এলাকার বাসিন্দারা জানান, কলসকাঠীর অনেকগুলো সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় ছিল, যা সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন নতুন করে এসব রাস্তার কাজের অনুমোদন মেলায় এলাকায় স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নুর এই নিরলস প্রচেষ্টার প্রশংসা করে স্থানীয়রা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার দিকনির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাগুলোর কাজ সম্পন্ন হবে এবং কলসকাঠী ইউনিয়ন একটি আধুনিক ও উন্নত যোগাযোগ সমৃদ্ধ এলাকায় পরিণত হবে।
নতুন সংবাদ প্রতিদিন