আঃ কাইয়ুম খান
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার ৫টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জিওবি ও এডিবির অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে সড়ক গুলোর নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়। সড়ক গুলোর মধ্যে রয়েছে
নব্বই রশি বাসস্ট্যান্ড থেকে বালুর রাস্তা হয়ে কাঠালতলা পর্যন্ত - ২১০০ মিটার
লঞ্চঘাট থেকে প্রধান সড়ক হয়ে নব্বই রশি বাসস্ট্যান্ড - ৯৫৮ মিটার
পুরাতন থানা থেকে প্রাণিসম্পদ কার্যালয় হয়ে স্টিল ব্রিজ - ৮৩০ মিটার
এছাড়া ও এ প্রকল্পে আরো ২টি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢালাইয়ের কাজে ব্যবহার হচ্ছে ফাঁপা ও নিম্নমানের পাথর, এফএম ১.৫ এর নিচের নিম্নমানের সিলেট বালু (অথচ ব্যবহার করার কথা ২.৫-২.৮ এফএম), এবং রড বাইন্ডিংয়েও অনিয়ম। প্রতি ঘনফুট বালুতে প্রায় ৭০ টাকা কম দামের বালু ব্যবহার ও নিম্নমানের পাথর ব্যবহার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কিছু সময় কাজ বন্ধ রেখে আবার একই মালামাল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, পৌর প্রকৌশলী ও ঠিকাদার যোগসাজশে এই অনিয়ম করছেন।
প্রশাসকের বক্তব্য:
এ বিষয়ে মোড়েলগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, বালি নিম্নমানের হয়েছে দেখেছি। প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলেছি, বর্ষাকালে এর চেয়ে ভালো সিলেট স্যান্ড পাওয়া যায় না।"
অথচ যশোর, নওয়াপাড়া, খুলনা, বাগেরহাটে ভালো বালুর কোনো সংকট নেই এ তথ্য জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। নিম্নমানের পাথরের বিষয়েও তিনি সদুত্তর দেননি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ জানতে চাইলে তিনি পৌর প্রকৌশলীর ০১৭১১৩৯৮৬৯২ নম্বর দিয়ে দায় সারেন। ওই নম্বরে বারবার ফোন করে ও প্রকল্পের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পুনরায় প্রশাসককে জানালে তিনি বলেন, "নম্বর তো দিয়েছি, আপনি নিয়ে নেন।" তার এমন মন্তব্যে স্থানীয়দের ধারণা, এই লুটপাটে প্রশাসনের সম্মতি রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের মাধ্যমে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক। অন্যথায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কগুলো আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এমনটি আশঙ্কা করছে স্থানীয়রা ।
নতুন সংবাদ প্রতিদিন