গোপালগঞ্জ প্রতিনিধি :
রবিবার (৩১ মে ) পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ঈদ পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ভাটিয়াপাড়া থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসগুলোর চালক ও কন্ডাক্টরদের ব্রিফিং প্রদান করছে ভিজিলেন্স টিম, কাশিয়ানী উপজেলা প্রশাসন এবং বিআরটিএ গোপালগঞ্জ সার্কেল।
এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের কর্মকর্তারা উপস্থিত থেকে চালক ও পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

ব্রিফিংয়ে যানবাহন নিরাপদে পরিচালনা, নির্ধারিত গতিসীমা মেনে চলা, বেপরোয়া ওভারটেকিং পরিহার, ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঈদ পরবর্তী সময়ে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তাই সকল চালককে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ গোপালগঞ্জ সার্কেল।
নতুন সংবাদ প্রতিদিন