Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১০:২৩ AM || প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ PM

গোপালগঞ্জের তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ২টি

News Image

স্টাফ রিপোর্টার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই জন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন ২৫ জন।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মো. আরিফ উজ্জামান।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ঋণখেলাপি হওয়া এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকার কারণে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ) মোট ১৩টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ও আশ্রাফুল আলম, এবি পার্টির প্রার্থী মো. প্রিন্স আল আমিন, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. কাবির মিয়া এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সুলতান জামান খানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনে জমা পড়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল), রনি মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মো. সিরাজুল ইসলাম (সিরাজ) এবং উৎপল বিশ্বাস।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ১২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ এবং স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।