Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৮:০১ PM || প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬, ১১:২০ PM

নড়াগাতীকে উপজেলা করার দাবিতে মন্ত্রীর কাছে এমপির আবেদন

News Image

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবি নতুন করে জোরালো হয়েছে। এ দাবির পক্ষে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সম্প্রতি জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, নড়াগাতী একটি জনবহুল ও সম্ভাবনাময় প্রশাসনিক এলাকা, যার অধীনে রয়েছে ছয়টি ইউনিয়ন। কিন্তু দীর্ঘদিন ধরেই এলাকাবাসী কাঙ্ক্ষিত প্রশাসনিক ও উন্নয়ন সেবা থেকে বঞ্চিত।
আবেদনে বলা হয়, সাধারণ জনগণকে অধিকাংশ সরকারি সেবা নিতে যেতে হয় দূরের কালিয়া উপজেলা সদরে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি দুর্ভোগও বাড়ছে। বিশেষ করে নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সংসদ সদস্য তার আবেদনে আরও বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার দিক বিবেচনায় নড়াগাতীকে উপজেলায় উন্নীত করা এখন সময়ের দাবি। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নড়াগাতী উপজেলা ঘোষিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সার্বিক সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে।
এদিকে, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।