প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৪ PM ||
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৬, ১২:৩৫ PM
কালিয়ায় সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন
গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঋষিবাড়ি এলাকা থেকে প্রধান সড়ক পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫৮০ মিটার দৈর্ঘ্যের খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ। ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ পুনঃখনন প্রকল্পের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং কৃষিনির্ভর অর্থনীতিকে সচল রাখতে সরকার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটির কাজ দ্রুত শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, পুনঃখনন শেষে খালটির স্বাভাবিক পানি প্রবাহ ফিরে এলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১