Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ২:২০ AM || প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬, ৫:১৬ AM

রূপসায় প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত : থানায় মামলা

News Image

নিজস্ব প্রতিবেদক 

পূর্ব শত্রুতার  জের ধরে রূপসার পল্লীতে প্রতিপক্ষের হামলায় মোঃ সালভি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার বিকালে নৈহাটী ইউনিয়নের গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের পিতা মোঃ সুজা উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা  অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ সুজা উদ্দিনের ছেলে সালভি এ বছর এসএসসি পরীক্ষার্থী। গত সোমবার ব্যবহারিক পরীক্ষা শেষ করে কাজদিয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নৈহাটীর গোডাউন মোড় এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একটি ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল সালভিকে লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করে। এ সময় তার মাথার বাম পাশে একাধিক স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবনতি হলে তাকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেলভির মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘটনার পর দিন মঙ্গলবার বেলা ২টায় তার শরীরে অস্ত্রপচার করা হয়। বর্তমানে তার অবস্থা বেশি ভালো নয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার পর দিন 
ইলাইপুর গ্রামের মোঃ সাঈদের ছেলে মিলন,  ইসরাইল ইলাইপুর গ্রামের রুম্মান, নৈহাটী গ্রামের ইউনুস শেখের ছেলে রাকিবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি মামলা (যার নং-৪, তারিখ-৯/৬/২০২৬ দায়ের করা হয়েছে। 
আহতের পিতা মোঃ সুজা উদ্দিন বলেন, তার ছেলে গত সোমবার এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় গোডাউন মোড়ে পৌঁছালে তার ছেলেকে পরিকল্পিতভাবে বেদম মারপিট করে জখম গুরুতর আহত করা হয়েছে। এছাড়া তার মাথার বাম পাশে একাধিক স্থানে ইট দ্বারা আঘাত করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। 
রূপসা থানা অফিসার ইনচার্জ মীর আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।