Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ AM || প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৬, ১০:০৯ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজন

News Image

ফুলতলা প্রতিনিধি: আবু সাঈদ আকাশ 

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই গাজী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের অবদান এবং দেশপ্রেমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বিশেষভাবে শহীদ আবু সাঈদ-এর বীরত্বগাথা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি আন্দোলনের সময় শহীদ মুগ্ধ-এর মানবিক আহ্বান—“পানি লাগবে, পানি”—এর প্রসঙ্গ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মানবতা, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের মাধ্যমে দেশের তরুণ সমাজ গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য ভূমিকা রেখেছে। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।