Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৩:২৪ PM || প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ PM

করোনা মহামারি থেকে আজও মানুষের পাশে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক

News Image

ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

কোভিড-১৯ করোনা মহামারির ভয়াবহ সময় থেকে শুরু করে আজও অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংক। কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থের প্রত্যাশা ছাড়াই স্বেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে রক্ত ও অক্সিজেনসহ জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছেন।
সম্প্রতি এক বৃদ্ধ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন—এমন খবর জানতে পারেন বেজেরডাঙ্গা অক্সিজেন ব্যাংকের কোষাধ্যক্ষ আবু সাঈদ আকাশ। খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংগঠনের সদস্যদের সহযোগিতায় দ্রুত ওই বৃদ্ধের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, বৃদ্ধ বয়সে মৃত্যুশয্যায় থাকা ওই ব্যক্তির অক্সিজেনের মাত্রা নেমে এসেছিল ৮৪ শতাংশে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি মূলত ফলের রসের ওপর নির্ভর করে কোনোভাবে জীবনযাপন করছিলেন। এমন সংকটাপন্ন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বেজেরডাঙ্গা অক্সিজেন ব্যাংক।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী একজন মানুষের জীবনকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা থেকেই এই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
করোনা মহামারির কঠিন সময় পেরিয়ে গেলেও বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংকের মানবিক কার্যক্রম থেমে নেই। রক্তের প্রয়োজন, অক্সিজেনের সংকট কিংবা জরুরি স্বাস্থ্যগত পরিস্থিতিতে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
স্থানীয়রা মনে করছেন, কোনো প্রাতিষ্ঠানিক সুবিধা বা বড় ধরনের আর্থিক সহায়তা ছাড়াই দীর্ঘদিন ধরে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনটির এই নিরলস প্রচেষ্টা সমাজের অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
“মানুষের বিপদের সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় অর্জন”—এই প্রত্যয় নিয়েই বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংকের কার্যক্রম এগিয়ে চলেছে।