Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৫:১১ PM || প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৬, ১:২৯ AM

গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর

News Image

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের বেতাংগী পূর্বপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, তাঁর নির্বাচনী এলাকায় প্রায় ৫০০টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৫০০ থেকে ৬০০টি শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার তিন দিন যত বেশি সম্ভব মণ্ডপে পৌঁছে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ জন্য প্রতিটি মণ্ডপে তাঁদের প্রতিনিধি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কি না, তা দেখতে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন গ্রাম ও দুর্গম এলাকা পরিদর্শন করছেন। কোনো দুষ্কৃতকারী যাতে পূজার পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রহরীর মতো জেগে আছি।”
এমপি বাবর জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিশ্চিত করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের কোনো সমস্যা রয়েছে কি না, তা জানতে তাঁরা বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন। তিনি নিজেও সব পূজামণ্ডপ পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন।
শাড়ি বিতরণকালে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।