গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ-২০২৬ এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৭ মে) রাত ১১টা ৩০ মিনিটে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
জানা গেছে, এ নিয়োগে মোট ১ হাজার ৮২২ জন প্রার্থী আবেদন করেন। তিন দিনব্যাপী মাঠ পরীক্ষার পর ৭৭৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২০৫ জন প্রার্থী। তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
সবশেষে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ১৯২ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ২০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার ও TRC নিয়োগ বোর্ড-২০২৬ এর সভাপতি শামীমা পারভীন নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে যোগ্যতম প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা দেশ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ অ্যান্ড ট্রাফিক) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন), নারায়ণগঞ্জ মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নরসিংদী মো. কলিমুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ঢাকা মো. জাহিদুল ইসলাম খানসহ ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
নতুন সংবাদ প্রতিদিন