গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ। তারা আহতদের চিকিৎসা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নতুন সংবাদ প্রতিদিন