ঢাকা | বঙ্গাব্দ

অভয়াশ্রম-বিল নার্সারির সুফল: ডুমুরিয়ার সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্প, হাসি ফুটেছে জেলে ও স্থানীয়দের মুখে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
অভয়াশ্রম-বিল নার্সারির সুফল: ডুমুরিয়ার সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্প, হাসি ফুটেছে জেলে ও স্থানীয়দের মুখে

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

এক সময় যেখানে বড় মাছের দেখা পাওয়া ছিল দুষ্কর, সেই সিঙ্গার বিলে এখন জেলেদের জালে উঠছে একের পর এক বড় আকারের মাছ। অভয়াশ্রম সংরক্ষণ, বিল নার্সারি স্থাপন ও নিয়মিত পোনা মাছ অবমুক্তকরণের সুফল পেতে শুরু করেছেন খুলনার ডুমুরিয়ার সিঙ্গার বিলের আশপাশের মানুষ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ৩ আগস্ট)  স্থানীয় আঙ্গারদোহা গ্রামের  মৎস্যজীবী মোঃ নিজাম মোল্যার জালে ধরা পড়েছে ২০ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ব্লাক কার্প। মাছটি প্রতি কেজি ৬৪০ টাকা দরে বিক্রি হয়েছে। বিশাল আকৃতির মাছটি এক নজর দেখতে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও আনন্দ। স্থানীয়রা বলছেন, শুধু একটি বড় মাছ ধরা পড়ার ঘটনা নয়। এটি সিঙ্গার বিলের মৎস্যসম্পদ পুনরুদ্ধারের একটি দৃশ্যমান উদাহরণ।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সিংগা নদী ছিল প্রবহমান। কালের পরিক্রমায় নদীটি অনেকটাই বদ্ধ হয়ে বিল সিঙ্গায় রূপ নেয়। জলাবদ্ধতা ও নানা প্রতিকূলতার কারণে একসময় এ অঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদও কমে যায়। পরিস্থিতি পরিবর্তনে মৎস্য বিভাগের উদ্যোগে বিলটিতে স্থাপন করা হয় মৎস্য অভয়াশ্রম ও বিল নার্সারি। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখা, মা মাছের নিরাপদ প্রজননের সুযোগ সৃষ্টি এবং নিয়মিত পোনা মাছ অবমুক্ত করার ফলে ধীরে ধীরে বদলাতে শুরু করে বিলের চিত্র।
অভয়াশ্রমে নিরাপদ পরিবেশে মাছের প্রজনন ও বেড়ে ওঠার সুযোগ তৈরি হওয়ায় আশপাশের উন্মুক্ত জলাশয়েও মাছের বিচরণ ও প্রাচুর্য বেড়েছে। স্থানীয় জেলেদের জালে এখন নিয়মিতই ধরা পড়ছে রুই, কাতলা, গ্রাস কার্প, ব্লাক কার্প, মৃগেল, আইড়, চিতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ।
বড় মাছের প্রাচুর্যে শুধু স্থানীয় মানুষের পুষ্টির চাহিদাই পূরণ হচ্ছে না, অর্থনৈতিকভাবেও উপকৃত হচ্ছেন মৎস্যজীবীরা। বড় আকৃতির মাছ বাজারে ভালো দামে বিক্রি হওয়ায় জেলেদের আয়ও বাড়ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কয়েক বছর আগেও সিঙ্গার বিলে আশানুরূপ মাছ পাওয়া যেত না। অভয়াশ্রম প্রতিষ্ঠা ও মাছের প্রজনন নিশ্চিত করার পর থেকে প্রতিবছরই মাছের সংখ্যা ও আকার বাড়তে দেখা যাচ্ছে।
তাদের মতে, অভয়াশ্রমটি সঠিকভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের জন্য এটি আরও বড় মৎস্যভাণ্ডারে পরিণত হতে পারে।
ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, সিঙ্গার বিলে অভয়াশ্রম স্থাপনের পাশাপাশি নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বিল নার্সারি স্থাপন এবং প্রায়শই পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। তিনি বলেন, নিয়মিত পোনা অবমুক্তকরণ, অভয়াশ্রমের যথাযথ ব্যবস্থাপনা এবং মা মাছ সংরক্ষণের কারণে সিঙ্গার বিলে বর্তমানে কার্প ও দেশীয় মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। মা মাছ রক্ষা ও পোনা নিধন বন্ধে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করছে। স্থানীয় জনগণের সচেতনতা এ উদ্যোগকে আরও কার্যকর করেছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার বলেন, সিঙ্গার বিলে বড় আকারের মাছের প্রাপ্তি ডুমুরিয়ার মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
তিনি বলেন, নদী ও অভয়াশ্রম রক্ষায় উপজেলা প্রশাসন মৎস্য বিভাগকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। বিশেষ করে নিষিদ্ধ সময়ে যাতে কেউ অভয়াশ্রমে মাছ ধরতে না পারে, সে জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ডুমুরিয়ার সিঙ্গার বিলের বর্তমান চিত্র প্রমাণ করে যে সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৎস্যসম্পদে সমৃদ্ধ করা সম্ভব বদ্ধ বা প্রায় মৃতপ্রায় জলাশয়কেও।
তিনি জানান, জেলার বিভিন্ন প্রাকৃতিক জলাশয় সংস্কার এবং অভয়াশ্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে প্রাকৃতিক মৎস্যসম্পদের সুফলের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি অভয়াশ্রম ও বিল নার্সারি সিঙ্গার বিলের সামগ্রিক জলজ পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা। মাছের নিরাপদ প্রজননক্ষেত্র তৈরি হওয়ায় বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের বিচরণ বাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, অভয়াশ্রমের সুরক্ষা, অবৈধ ও ক্ষতিকর জাল নিয়ন্ত্রণ এবং নিয়মিত পোনা অবমুক্তকরণ অব্যাহত থাকলে সিঙ্গার বিল ভবিষ্যতে ডুমুরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যভাণ্ডারে পরিণত হবে। ২০ কেজি ৩০০ গ্রাম ওজনের ব্লাক কার্পটি যেন সেই সম্ভাবনারই জীবন্ত প্রমাণ। অভয়াশ্রম রক্ষা করলে প্রকৃতি তার সুফল ফিরিয়ে দেয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনা নগরী ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায়

খুলনা নগরী ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায়