ঢাকা | বঙ্গাব্দ

ফুলতলায় ‘হানি ট্র্যাপ’ অভিযোগে নারীসহ ৩ জন গ্রেপ্তার মামলার আসামিদের একজন স্থানীয় পত্রিকার প্রতিনিধি বলে দাবি পুলিশের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ফুলতলায় ‘হানি ট্র্যাপ’ অভিযোগে নারীসহ ৩ জন গ্রেপ্তার মামলার আসামিদের একজন স্থানীয় পত্রিকার প্রতিনিধি বলে দাবি পুলিশের

ফুলতলা প্রতিনিধি:আবু সাঈদ আকাশ

খুলনার ফুলতলা উপজেলায় এক যুবককে কথিত ‘হানি ট্র্যাপে’ ফেলে একটি বাড়িতে আটকে রেখে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং এক লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা বাজারের জামিরা সড়ক এলাকার একটি বাড়িতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী যশোর জেলার কোতোয়ালী থানার ইচ্ছাপুর গ্রামের মো. মিলন হোসেন (৩৮)-কে পরিচয়ের সূত্র ধরে সেখানে ডেকে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে ওই বাড়িতে উপস্থিত কয়েকজন মিলে তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণের পাশাপাশি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা আদায় করা হয়।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলন হোসেনকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌবাজার এলাকার সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০), ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ঝুমুর জমাদ্দার (৩২) এবং খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মো. সুমন মিয়া (৩৬)। পুলিশ জানায়, সুমন মিয়া স্থানীয় একটি আঞ্চলিক পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মিলন হোসেন বাদী হয়ে ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৭) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি ৩০ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়েছে (মামলা নং-৬, জিআর নং-৬৯)।
ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসা এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশের ভাষ্য, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায়  জামায়াতে ইসলামীর   সমাবেশ ও গণ মিছিল

তেরখাদায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণ মিছিল