ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় চরমপন্থী নেতা নাসিমকে গুলি করে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
খুলনায় চরমপন্থী নেতা নাসিমকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিনিধি, আবুল হাসানাত


খুলনার দিঘলিয়ায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা মোঃ নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫) নিহত হয়েছেন।
 আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে নাসিম নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে চা খেতে বের হন। চা খাওয়া শেষে হেঁটে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ভ্যানে করে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে নাসিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পুলিশ তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন এবং একটি চশমা আলামত হিসেবে উদ্ধার করেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক পর্যালোচনায় নিহত নাসিমের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক পর্যায়ের কার্যক্রমের সাথে গভীর সম্পৃক্ততা পাওয়া গেছে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রসংক্রান্তসহ মোট ৮টি মামলা রয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি

দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি