স্টাফ রিপোর্টারঃ
তেরখাদা থানা পুলিশ উপজেলার লস্করপুর এলাকা থেকে ৮ টা চোরাই গরু ও পিকআপসহ ৩ চোরকে আটক করেছে। এ ব্যাপারে তেরখাদা থানায় ৩ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জন অজ্ঞাতদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো, তেরখাদার শেখপুরা গ্রামের মানিক মোল্যার পুত্র ইয়াছিন মোল্যা, একই গ্রামের ইরাদত মোল্যার পুত্র সোবহান মোল্যা ও মাসুদ শেখের পুত্র শামীম শেখ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল গভীর রাতে মধুপুর এলাকা থেকে ৮টি গরু চুরি করে পিকআপ যোগে রওনা দিয়ে লস্করপুর বাজারে পৌছালে মোকামপুর ক্যাম্প পুলিশ তাদেরকে ৮টি চোরাই গরুসহ হাতে নাতে ধরে ফেলে। পরে পিকআপসহ ৩ গরু চোরকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তানিয়া নামে এক মহিলা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে তেরখাদা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১০, তারিখ-২৬/০৪/২০২৬ ইং। এলাকাবাসী বলছেন, এ ঘটনার সাথে শেখপুরা এলাকার আরও কয়েকজন জড়িত আছে যারা এর আগেও গরু চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, চোরদল মধুপুর থেকে গরু চুরি করে পিকআপ যোগে যাওয়ার সময় ৮ টি গরুসহ হাতেনাতে আটক হয়। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি বলেন, চোরদের একটি সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তুষার রায়হান বলেন, ধৃতরা পেশাদারী চোর। এদের বিরুদ্ধে এর আগেও গরু চুরির অভিযোগ আছে। তিনি বলেন, এদের মদদ দাতাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, চোরাই গরু এবং পিকআপটি পুলিশ হেফাজতে আছে।
নতুন সংবাদ প্রতিদিন