গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান বলেন, “গ্রাম আদালতের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার করতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে—এই তথ্যটি জনগণের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “জনগণকে উৎসাহিত করতে হবে যাতে তারা ছোটখাটো বিরোধ নিয়ে থানায় বা কোর্টে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পান।”
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল। তিনি বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মিটিং, সেমিনার, উঠান বৈঠক বা ধর্মীয় আলোচনা সভায় গ্রাম আদালতের গুরুত্ব নিয়ে আলোচনা করবে। বিশেষ করে নতুন গ্রাম আদালত আইন ২০২৪ অনুযায়ী নারীরা বকেয়া ভরণপোষণ মামলা করতে পারবে—এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “ছোটখাটো বিরোধ যাতে থানায় মামলা আকারে না আসে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রচলন বাড়াতে হবে।”
এভিসিবি-৩ প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ আলিউল হাসানাত খান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত ১ বছর ৩ মাসের মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, জুলাই ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়নে মোট ১,০৬৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯৭টি মামলা উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে প্রেরিত হয় এবং মোট ৯৯৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৯৪০ টাকা আদায় করা হয়।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও উপজেলা কো-অর্ডিনেটরসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন।
নতুন সংবাদ প্রতিদিন