শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধি
দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জে রাঙ্গামাটি নদীর ওপর নবনির্মিত বহুল আলোচিত ‘গোমা সেতু’ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেতুর শুভ উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম।
সেতুটি নির্মাণের ফলে বরিশাল জেলা সদরের সাথে বাকেরগঞ্জের পূর্বাঞ্চলীয় ইউনিয়ন কবাই, নলুয়া, দুধলসহ পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। এর ফলে কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং বিভাগীয় শহরে যাতায়াত সহজতর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫৪০ ফুট বা ৭০০ মিটারের বেশি দীর্ঘ আরসিসি গার্ডারের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা। সেতুর সাথে ৯০ মিটার অ্যাপ্রোচ সড়ক এবং নদীর দুই তীরে ৮৬০ বর্গমিটার এলাকায় নদী শাসনের জন্য কংক্রিট ব্লক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ নভেম্বর একনেক সভায় সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। শুরুতে ব্যয় বরাদ্দ ৫৭ কোটি ৬২ লাখ টাকা থাকলেও পরবর্তীতে নকশা পরিবর্তন ও অন্যান্য কারণে তা বৃদ্ধি করা হয়। নির্মাণের মাঝপথে সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএর আপত্তির কারণে কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। সব বাধা কাটিয়ে আজ সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে।

স্থানীয়রা জানান, ২৭ কিলোমিটারের এই দীর্ঘ সড়কে একটি সেতুর অভাবে এতদিন ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন সেতুটি চালু হওয়ায় জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য স্থানান্তরে আমূল পরিবর্তন আসবে। এর ফলে এই অঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে
নতুন সংবাদ প্রতিদিন