নিজস্ব প্রতিবেদক
খুলনায় বিপুল পরিমাণ নকল সিগারেটসহ মাসুম নামে এক ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুস সালাম মহল্লায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দারুস সালাম মহল্লার বাসিন্দা মাসুমের গতিবিধি সন্দেহজনক ছিল। ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সচেতন যুবকরা তাকে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে নকল সিগারেটের কার্টনগুলো জব্দ করে এবং অভিযুক্ত মাসুমকে তাদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নকল সিগারেট কম দামে বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। সচেতন এলাকাবাসীর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। পুলিশ জানায়, জব্দকৃত সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নতুন সংবাদ প্রতিদিন