গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
লিখিত প্রতিবাদে এহসানুল কবির টুকু দাবি করেন, তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, বালুমহাল নিয়ন্ত্রণসহ যেসব অভিযোগ প্রকাশ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
তিনি বলেন, প্রকাশিত অভিযোগগুলোর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
প্রতিবাদপত্রে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার সম্পৃক্ততা এবং সভাপতির দায়িত্ব গ্রহণ সম্পূর্ণ আইন ও প্রচলিত বিধি অনুসারে হয়েছে। অ্যাডহক কমিটি গঠন, সভাপতির দায়িত্ব পালনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। নিয়োগ বাণিজ্যের অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।
এহসানুল কবির টুকু বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি আরও দাবি করেন, সরকারি জমি দখল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অভিযোগগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবাদে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে একপাক্ষিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন। প্রয়োজন হলে নিজের সুনাম রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।
নতুন সংবাদ প্রতিদিন