ফুলতলা প্রতিনিধি: আবু সাঈদ আকাশ
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের ঘোষিত “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের বিভিন্ন চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শেখ ইকবাল হোসেন, রুপা খাতুন, শারমিন সুলতানা এবং সালমা পারভীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
পরে শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা দিকনির্দেশনাও প্রদান করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুকে একটি গাছের সঙ্গে সম্পৃক্ত করা, যাতে তারা ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
নতুন সংবাদ প্রতিদিন