গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে কালিয়া পৌরসভার উদ্যোগে কালিয়া বাসস্ট্যান্ডে এক বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার গণমানুষের নেতা ও নড়াইল–০১ আসনের ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র ফিরে পেতে চায়। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে ১১ দলীয় ঐক্য জোট একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি আরও বলেন, নড়াইল–০১ আসনের সাধারণ মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এলাকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন এবং দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। জনগণের ঐক্যের মাধ্যমেই সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে তারা মন্তব্য করেন।
জনসভা শেষে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল কালিয়া বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষে জনমত গড়ে তোলেন নেতাকর্মীরা।
জনসভা ও মিছিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
নতুন সংবাদ প্রতিদিন