মোঃ সাইফুল ইসলাম:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল ও সুশৃঙ্খল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এই জনসভায় অংশ নেন কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার ছিল, আছে এবং থাকবে। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এ. ওয়াহেদ। তিনি তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার উপর জোর দেন এবং মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৈখালী ইউনিয়নের প্রভাবশালী নেতা ও ধানের শীষের কান্ডারী, শ্যামনগর উপজেলা বিএনপির অন্যতম সংগঠক গাজী শাহ আলম, শ্যামনগর উপজেলা মহিলা দলের সম্মানিত সভাপতি নূরজাহান ঝর্ণা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি.এম. আজিজুর রহমান, এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর।
এছাড়াও স্থানীয় পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব খোকন। তিনি তার বক্তব্যে বলেন, "এই ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিএনপির আদর্শ পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশের সংকটময় সময়ে আমরা নেতৃত্বের প্রতি আস্থা রেখে মাঠে থাকবো এবং গণতন্ত্র ফিরিয়ে আনবো।"
সভায় বক্তারা সরকারের নানা অনিয়ম, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কঠোর সমালোচনা করেন এবং এসব থেকে মুক্তি পেতে জনগণকে রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
জনসভা শেষে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং ব্যাপক জনসম্পৃক্ততায় ভরপুর।
নতুন সংবাদ প্রতিদিন