খুলনা জেলায় নকল ও চোরাই পণ্যের অনুপ্রবেশ রোধে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ২ জুলাই ২০২৫ (বুধবার) দুপুর ১২:৩০ মিনিটে। অভিযান পরিচালিত হয় খুলনা সদর থানাধীন পিকচার প্যালেস মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত এস.এ. পরিবহন পার্সেল অফিসের সামনে। গোপন তথ্যের ভিত্তিতে, রায়হান নামক এক ব্যক্তির কাছ থেকে সন্দেহভাজনভাবে পার্সেল গ্রহণ করার সময় ডিবি টিম তল্লাশি চালায় এবং সেখান থেকে ডার্বি ব্র্যান্ডের প্রায় ১০,০০০ শলাকা নকল সিগারেট জব্দ করে।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার) বিকাল ৫:৩০ মিনিটে। অভিযান চালানো হয় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকার একটি চায়ের দোকানে — যার নাম হারুন টি স্টল। ওই দোকানে ডিবি’র অভিযানে ডার্বি স্টাইল ব্র্যান্ডের আরও ৫,০০০ শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়।
এই দুটি সফল অভিযান পরিচালনা করেন খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান রাজীব। তিনি জানান, “নকল সিগারেটের অবাধ প্রবাহ দেশের রাজস্ব খাতে বড় ধরণের ক্ষতি করছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে। তাই আমরা নিয়মিত নজরদারি এবং অভিযান চালিয়ে যাচ্ছি। এই অভিযান শুধু শুরু, আমরা ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় আরও কঠোর অভিযান পরিচালনা করবো।”

এছাড়াও তিনি জানান, সিগারেটগুলোর উৎপত্তি স্থান ও সরবরাহকারী চক্র শনাক্তে গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। প্রয়োজনে এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এসব অবৈধ ব্যবসার কারণে বাজারে বৈধ ব্যবসায়ীদের ক্ষতি হয় এবং সাধারণ মানুষ প্রতারিত হয়।
খুলনা জেলা পুলিশ সুপার এবং গোয়েন্দা শাখার নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কর ফাঁকি দিয়ে পরিচালিত অবৈধ ব্যবসাগুলোর লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
নতুন সংবাদ প্রতিদিন