গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
‘‘সেবার ব্রতে চাকরি’’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) প্রকাশিত ফলাফলে গোপালগঞ্জ জেলা থেকে মোট ১৬ জন প্রার্থী কৃতকার্য হয়েছেন। এর মধ্যে নারী প্রার্থী ২ জন এবং পুরুষ প্রার্থী ১৪ জন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৩ জন।
এ উপলক্ষে জেলা পুলিশ, গোপালগঞ্জের পক্ষ থেকে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। আগামী দিনে তারা সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রত বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে।”
নিয়োগ কার্যক্রমে বোর্ডের অন্যান্য সদস্য ছাড়াও গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন সংবাদ প্রতিদিন